শিরোনাম
সরাসরি

ইসলামি প্রজাতন্ত্রের ৪৭তম বার্ষিকীতে তেহরানের রাজপথে জনতার ঢল

১৮: ১১

ইসলামি প্রজাতন্ত্রের ৪৭তম বার্ষিকীতে তেহরানের রাজপথে জনতার ঢল

ইসলামি প্রজাতন্ত্রের ৪৭তম বার্ষিকীতে তেহরানের রাজপথে জনতার ঢল
তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে সমবেত ইরানিরা। ছবি: আল জাজিরা

তেহরানের রাজপথে বুধবার (১ এপ্রিল) হাজার হাজার ইরানি সমবেত হয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ডারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

জানাজাটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। সমাবেশে জনতা মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে যেকোনো মূল্যে প্রতিরোধের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শোকযাত্রাটি এমন এক দিনে অনুষ্ঠিত হয়েছে যখন ইরান তার ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী উদযাপন করছে।

১৯৭৯ সালের ১ এপ্রিল ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশটিতে ২,৫০০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামি শাসনব্যবস্থা কায়েম হয়। জানাজায় অংশ নেওয়া ৫৭ বছর বয়সী মুসা নওরোজি নামের এক পেনশনভোগীর কণ্ঠে ফুটে ওঠে জনসমাবেশের দৃঢ় সংকল্প। তিনি বলেন, এ যুদ্ধ এক মাস ধরে চলছে। এটি যত দীর্ঘই হোক না কেন, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলব।

সূত্র: আল জাজিরা

১৭: ৫১

লেবাননের পরিস্থিতি অত্যন্ত 'সংকটজনক': প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম

লেবাননের পরিস্থিতি অত্যন্ত 'সংকটজনক': প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম
বৈরুতে ইসরায়েলি হামলার পর বিধ্বস্ত একটি ভবন। ছবি: আল জাজিরা

ইসরায়েলি হামলায় লেবাননের বর্তমান অবস্থা ‘অত্যন্ত সংকটজনক'। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বিবৃতিতে এ কথা জানান।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং সংঘাতের জেরে উদ্ভূত মানবিক বিপর্যয়কে কেন্দ্র করেই তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান, চলমান যুদ্ধের ফলে লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়ে গেছে। তিনি বলেন, এমন এক যুদ্ধের মাসুল তাদের দিতে হচ্ছে যার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই।

বক্তব্য চলাকালীন প্রধানমন্ত্রী সালাম দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে প্রতিকূলতা সত্ত্বেও অবস্থানরত নাগরিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও অভিবাদন জানান। তিনি অঙ্গীকার করেন, রাষ্ট্র এই কঠিন সময়ে তাদের পাশে থাকবে এবং সেখানে অবস্থানরতদের প্রয়োজনীয় রসদ ও সহযোগিতা পৌঁছে দিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মূলত ইসরায়েলি আগ্রাসনের মুখে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং বাস্তুচ্যুতদের পুনর্বাসনই এখন লেবানন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

১৭: ৩৬

ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি হিজবুল্লার

ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি হিজবুল্লার
ট্যাংকসহ ইসরায়েলি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দেওয়া সর্বশেষ তথ্যমতে, সীমান্ত সংলগ্ন লেবাননের রামিয়া শহরের আকাশে একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহর দাবি, হামলার মুখে হেলিকপ্টারটি তাৎক্ষণিকভাবে পিছু হটতে বাধ্য হয়।

এর পাশাপাশি গোষ্ঠীটি কাউজাহ গ্রামে একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গাইডেড মিসাইল নিক্ষেপ করেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

অন্যদিকে, উত্তর ইসরায়েলের মেতুলা বসতি লক্ষ্য করে দ্বিতীয় দফায় বড় ধরনের রকেট বর্ষণ করা হয়েছে। এ হামলার মধ্য দিয়ে সীমান্তে ২ পক্ষের মধ্যে চলমান উত্তেজনা আরও নতুন মাত্রা পেল। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

১৭: ০৭

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে সব ধরনের সাহায্যর জন্য প্রস্তুত রাশিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে সব ধরনের সাহায্যর জন্য প্রস্তুত রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ইরান ও সংশ্লিষ্ট অঞ্চলের বর্তমান সংঘাত নিরসনে মস্কো সব ধরনের সহযোগিতা ও অবদান রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।

পেসকভ সাংবাদিকদের বলেন, বর্তমান সামরিক উত্তেজনা প্রশমিত করে বিষয়টিকে দ্রুত শান্তিপূর্ণ ধারায় ফিরিয়ে আনতে যদি রাশিয়ার কোনো ধরনের মধ্যস্থতা বা পরিষেবার প্রয়োজন হয়, মস্কো তাতে সক্রিয়ভাবে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। মূলত সংঘাতপূর্ণ অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই ক্রেমলিন এ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: আল জাজিরা

১৬: ৪৬

ইরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
হামলায় ক্ষতিগ্রস্থ পাস্তোর ইনস্টিটিউট অব ইরান। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের অবস্থিত শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ হামলার ফলে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে হামলার সত্যতা নিশ্চিত করেছে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত 'পাস্তোর ইনস্টিটিউট অব ইরান' দেশটির গুরুত্বপূর্ণ স্বাস্থ্য গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ ঘটনাকে ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরোনো স্তম্ভে হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে চিকিৎসাবিজ্ঞান, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও গবেষণায় অসামান্য অবদান রাখা প্রতিষ্ঠানটিতে হামলার ফলে এর অমূল্য গবেষণা কার্যক্রম ও চিকিৎসা অবকাঠামো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

সূত্র: আল জাজিরা

১৬: ২৫

গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
বৈরুতে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি গাড়ির ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর সামরিক অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় আকাশ, স্থল ও সমুদ্রপথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সমন্বিত অভিযানে হিজবুল্লাহর অন্তত ৪০ জন সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের বিভিন্ন প্রান্তে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে বড় আকারের অস্ত্রাগার এবং রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলো অন্তর্ভুক্ত ছিল।

একই সময়ে দক্ষিণ লেবাননে চলমান স্থল অভিযানে ইসরায়েলি পদাতিক সেনারা হিজবুল্লাহর একটি সশস্ত্র সেলকে শনাক্ত করার পর তাদের 'নির্মূল' করেছে এবং গোষ্ঠীটির বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার দাবি করেছে। আকাশ ও স্থলপথের পাশাপাশি ইসরায়েলি নৌবাহিনীও এ অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি বড় অস্ত্র গুদাম লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে।

আইডিএফের দাবি অনুযায়ী, গত এক দিনে জল, স্থল ও আকাশপথের এই ত্রিমুখী আক্রমণে হিজবুল্লাহর সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে।

সূত্র: আল জাজিরা