শিরোনাম

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা, বাতিলের সুপারিশ ২০টি

নিজস্ব প্রতিবেদক
১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা, বাতিলের সুপারিশ ২০টি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ছবি: সিটিজেন জার্নাল

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে সংসদীয় বিশেষ কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এতে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা, সংশোধন ও বাতিল সংক্রান্ত বিস্তারিত সুপারিশ তুলে ধরা হয়েছে।

সংসদীয় কমিটির পর্যালোচনায় দেখা গেছে, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর ২০টি অধ্যাদেশ বাতিল বা বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে।

বাতিলের সুপারিশ করা অধ্যাদেশগুলোর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ১৬টি অধ্যাদেশ বিলুপ্ত করা হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সেগুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। বাকি ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

তবে প্রতিবেদনটি সর্বসম্মতভাবে উপস্থাপিত হলেও ২০টি অধ্যাদেশ নিয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন। তারা এ বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি জানিয়েছেন।

বিরোধী সদস্যদের আপত্তির মধ্যে রয়েছে– অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ, সংশোধনের সুপারিশ করা ২টি, বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি এবং স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।

সংসদীয় কমিটির এই প্রতিবেদনটি এখন সংসদে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যেই এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

/এসএ/