শিরোনাম

‘যুদ্ধ দ্রুত শেষ করতে মরিয়া ট্রাম্প’

সিটিজেন ডেস্ক
‘যুদ্ধ দ্রুত শেষ করতে মরিয়া ট্রাম্প’
চ্যানেল ১২-তে কথা বলছেন ইসরায়েলি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। ইনসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোলাজ ছবি: সিটিজেন গ্রাফিক্স

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদিনের এবং প্রায়শই পরস্পরবিরোধী বক্তব্য ইসরায়েলসহ সংশ্লিষ্ট মহলে বিভ্রান্তি তৈরি করছে। তবে দেশটির বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প দীর্ঘস্থায়ী যুদ্ধে আগ্রহী নন এবং খুব শিগগিরই তিনি এই সংঘাত থেকে সরে আসতে পারেন।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আইতান বেন-ডেভিড বলেন, ট্রাম্প শুরুতে শক্তিশালী হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ বা আলোচনায় বসতে বাধ্য করতে চেয়েছিলেন। তবে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।

চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে চাইতে পারে, কারণ এতে তাদের ক্ষতি হচ্ছে। তবে তারা এখনও নতজানু হয়নি। এর মূল কারণ দেশটির জনগণ রাস্তায় নামেনি।’

ইসরায়েলের বিশ্লেষকদের মধ্যে এই ধারণা ব্যাপকভাবে প্রচলিত যে ট্রাম্প দ্রুত বিজয় প্রত্যাশা করেছিলেন। ভাষ্যকার বারাক সেরি বলেন, তিনি (ট্রাম্প) যুদ্ধটা শেষ করার জন্য মরিয়া হয়ে আছেন।’ ট্রাম্প শুরুতে ইরানি শাসকগোষ্ঠীর ওপর ‘তীব্র আঘাত” হেনে ‘স্বল্পমেয়াদী যুদ্ধ’ আশা করছিলেন।

একই কথা বলেছেন সাংবাদিক রোনেন বার্গম্যান। চ্যানেল ১২-কে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সবাই এই সংঘাত দ্রুত শেষ করতে চেয়েছিল, ভেনিজুয়েলার পরিস্থিতির মতো দ্রুত সমাপ্তির প্রত্যাশা ছিল তাদের।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/