শিরোনাম

প্রস্তর যুগে ইরান নয়, কবরের পথে মার্কিন সৈন্যরা: আইআরজিসি জেনারেল

সিটিজেন ডেস্ক
প্রস্তর যুগে ইরান নয়, কবরের পথে মার্কিন সৈন্যরা: আইআরজিসি জেনারেল
ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি। ছবি: সংগৃহীত

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি ইরানকে দেওয়া মার্কিন হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইরান নয়, বরং মার্কিন বাহিনীই বর্তমানে প্রকৃত বিপদের মুখে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেনারেল মুসাভি মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ওয়াশিংটন ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নেওয়ার যে হুমকি দিচ্ছে, তা বাস্তবে রূপ পাওয়ার বদলে উল্টো মার্কিন সরকারই তাদের সেনাদের কবরের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি মার্কিন নেতৃত্বের সমালোচনা করে বলেন, তারা বর্তমানে হলিউডীয় ফ্যান্টাসি বা অলীক কল্পনার দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। মাত্র ২৫০ বছরের ইতিহাস নিয়ে একটি দেশ ৬ হাজার বছরের প্রাচীন ও সমৃদ্ধ একটি সভ্যতার দেশকে হুমকি দেওয়ার যে দুঃসাহস দেখাচ্ছে, তাকে তিনি অভিজ্ঞতাহীনতা ও কাণ্ডজ্ঞানহীনতা হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে গুপ্তহত্যার পর ইরানজুড়ে বড় ধরনের উস্কানিমূলক সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এ আগ্রাসনের অংশ হিসেবে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় অসংখ্য প্রাণহানির পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাল্টা জবাবে ইরান সশস্ত্র বাহিনীও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং ঘাঁটিগুলোতে কয়েক দফায় কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। জেনারেল মুসাভির এ বার্তা মূলত ওয়াশিংটনের অব্যাহত হুমকির মুখে তেহরানের অনড় অবস্থান ও পাল্টা সামরিক প্রস্তুতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/