শিরোনাম

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া

সিটিজেন জার্নাল
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া
রুশ পতাকাবাহী তেল ট্যাংকার আনাতোলি কোলোডকিন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের জ্বালানি সংকটের মধ্যে থাকা মিত্র দেশ কিউবার পাশে দাঁড়িয়েছে রাশিয়া। দ্বীপরাষ্ট্রটিতে পুনরায় জ্বালানিবাহী জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের শুরুতে কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র সরিয়ে দেওয়ার পর থেকেই চরম সংকটে পড়ে হাভানা। ওয়াশিংটন কিউবায় তেল সরবরাহকারী যেকোনো দেশের ওপর উচ্চ শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসলেও, সম্প্রতি ‘মানবিক কারণে’ মস্কোকে তেলবাহী ট্যাংকার পাঠানোর অনুমতি দেওয়া হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জ্বালানি মন্ত্রী সিভিলেভের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার একটি জাহাজ বর্তমানে অবরোধ ভেঙে কিউবার পথে রয়েছে। সিভিলেভ দৃঢ়তার সাথে বলেন, আমরা কিউবানদের বিপদে ফেলে যাব না। ঐতিহাসিককাল থেকেই মস্কো ও হাভানার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত করার জন্য ওয়াশিংটনের ভূমিকার তীব্র সমালোচনা করে আসছে ক্রেমলিন।

দীর্ঘদিন ধরে চলা অবরোধের ফলে কিউবায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি রেশনিং এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতির আশায় গত মঙ্গলবার (৩১ মার্চ) ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে একটি রুশ ট্যাংকার কিউবার মাতানজাস বন্দরে ভিড়েছে। এটি গত জানুয়ারির পর দ্বীপটিতে আসা রাশিয়ার প্রথম তেলের চালান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার শাসনব্যবস্থাকে বৈরী ও দুর্নীতিগ্রস্ত হিসেবে অভিহিত করেছেন। কিউবায় রাশিয়ার তেল পাঠানো প্রসঙ্গে গত রবিবার (২৯ মার্চ) এক মন্তব্যে ট্রাম্প বলেন, কিউবার দিন শেষ। তাদের নেতৃত্ব অত্যন্ত খারাপ এবং তারা এক জাহাজ তেল পেল কি পেল না, তাতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না।

/এমএকে/