শিরোনাম

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে আইআরজিসির হামলা

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে আইআরজিসির হামলা
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটি অবস্থানকালে আইআরজিসির একটি গানবোট সেটির খুব কাছে চলে আসে এবং সরাসরি গুলি বর্ষণ করে।

হামলায় জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ বা ‘ব্রিজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। হরমুজ প্রণালির সঙ্গে যুক্ত এই এলাকায় কোনো প্রকার পূর্ব সতর্কবার্তা ছাড়াই আইআরজিসির গানবোটটি সরাসরি জাহাজের নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে গুলি চালায়।

এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ হামলার বিষয়ে সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, সংশ্লিষ্ট জাহাজটিকে বারবার সতর্ক করা হলেও তারা কোনো সাড়া দেয়নি। ফলে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী জাহাজটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইরান এক ঘোষণায় জানিয়েছিল, তাদের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখবে। একইসঙ্গে এ জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/