শিরোনাম

আবারও বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ছাড়ছে ফিফা

সিটিজেন ডেস্ক
আবারও বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ছাড়ছে ফিফা
ছবি: সংগৃহীত

নতুন ও অধিক মূল্যের ফ্রন্ট ক্যাটাগরি যোগ করে ফুটবলপ্রেমীদের ক্ষোভের মুখে পড়ার পরও বিশ্বকাপের সব ম্যাচের জন্য পুনরায় টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের জন্যই ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি বিতর্কিত নতুন ক্যাটাগরিটির টিকিটও পাওয়া যাবে। এর আগে গত ডিসেম্বরে ক্যাটাগরি-৩ এর টিকিট বিক্রি শুরু হলে সেটির মূল্য ছিল ১৪০ থেকে ৮,৬৮০ ডলার পর্যন্ত, তবে ১ এপ্রিল থেকে সেই দাম একলাফে ১০,৯৯০ ডলার পর্যন্ত ছাড়িয়ে যায়।

টিকিট বিক্রির নতুন ঘোষণা আসার পর সামাজিক মাধ্যমে ভক্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তুলেছেন, ফিফা ভালো মানের আসনগুলো আগে থেকে সরিয়ে রেখে ভক্তদের অপেক্ষাকৃত কম সুবিধাজনক স্থানে বসতে বাধ্য করেছে। নতুন এই ক্যাটাগরি যুক্ত হওয়া প্রসঙ্গে ফিফার মন্তব্য জানতে চাওয়া হলেও সংস্থাটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে ১২ জুনের যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের টিকিট বিক্রি আশানুরূপ হচ্ছে না। প্রায় ৬৯,৬৫০ আসনবিশিষ্ট সোফাই স্টেডিয়ামে এ ম্যাচের জন্য এখন পর্যন্ত মাত্র ৪০,৯৩৪টি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ৫০,৬৬১টি।

উল্লেখ্য, ডিসেম্বরে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের টিকিটের দাম ১,১২০ থেকে ২,৭৩৫ ডলার এবং ইরান-নিউজিল্যান্ডের টিকিটের দাম ১৪০ থেকে ৪৫০ ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছিল।

/এমএকে/