শিরোনাম

বাংলাদেশকে আইসিসির জরিমানা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে আইসিসির জরিমানা
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে ব্যাটিং বিপর্যয়ে পরাজিত হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বড় জয় সংগ্রহ করে টাইগাররা। এতে সমতায় ফিরে (১-১) সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মেহেদী হাসান মিরাজরা।

তবে এর মধ্যেই দুঃসংবাদ পেলেন ফিল সিমন্সের শিস্যরা। দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এ কারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রোফট বাংলাদেশকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুসারে এই জরিমানা করা হয়েছে। ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে থাকা প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ন্যূনতম ৫ শতাংশ জরিমানা গুনতে হবে।

তবে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগটি তুলেছিলেন, ম্যাচের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, গাজী সোহেল, নিতিন মেনন এবং আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

/জেএইচ/