শিরোনাম

ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতা
ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিজেলভর্তি ড্রামে পড়ে আরাফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে শিশুটি নিজ বাড়ির বারান্দায় খেলার সময় এ ঘটনা ঘটে।

নিহত আরাফ ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। ট্রাকটির ডিজেল ট্যাংক ছিদ্র হয়ে গিয়েছিল। মেরামতের জন্য ট্যাংকে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল বাড়ির বারান্দায় একটি প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। ড্রামটির মুখ খোলা থাকায় পরিবারের অগোচরে খেলতে খেলতে শিশু আরাফ সেটিতে পড়ে যায় এবং ডিজেল পান করে ফেলে।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের চেষ্টাতেও বাঁচানো যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, অসাবধানতাবশত ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) স্বপন কুমার রায় বলেন, এক শিশু তেলের ড্রামে পড়ে যাওয়ার ঘটনা শুনেছি। তারপর কী হয়েছে আর জানতে পারিনি।

/এসআর/