শিরোনাম

বাসভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাসভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী রবিউল আলম জানান, ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা চলছে। আশা করা হচ্ছে আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে গত রবিবার (১৯ এপ্রিল) বৈঠক অনুষ্ঠিত হয়। বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে ভাড়া কতো বাড়ানো হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিআরটিএ সূত্র বলছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পর এটা কমবেশি করে চূড়ান্ত করা হতে পারে।

/জেএইচ/