শিরোনাম

বিশ্বজুড়ে ২০২৫ সালে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসন প্রত্যাশী

সিটিজেন ডেস্ক
বিশ্বজুড়ে ২০২৫ সালে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসন প্রত্যাশী
ছবি: সংগৃহীত

নিরাপদ ও উন্নত ভবিষ্যতের সন্ধানে বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে অন্তত ৮ হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

মঙ্গলবার (২১ এপ্রিল) জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মানবিক সহায়তা ও পুনরুদ্ধার বিভাগের পরিচালক মারিয়া মোইতা এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, সাম্প্রতিক পরিসংখ্যান বৈশ্বিক অভিবাসন পরিস্থিতির চরম অবনতিরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এশিয়ায় এবার রেকর্ডসংখ্যক প্রাণহানি ঘটেছে, যেখানে ভুক্তভোগীদের বড় অংশই ছিলেন রোহিঙ্গা ও আফগান নাগরিক। মোইতা উল্লেখ করেন, সংঘাত, জলবায়ু বিপর্যয় এবং বিভিন্ন দেশের কঠোর অভিবাসন নীতির কারণে পুরনো রুটগুলো পরিবর্তিত হয়ে এখন আগের চেয়ে দীর্ঘ, দুর্গম ও অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।

আইওএম এর কর্মকর্তা আন্দ্রেয়া গার্সিয়া জানান, ২০২৪ সালে রেকর্ড হওয়া ৯,১৯৭ জনের তুলনায় ২০২৫ সালের এ সংখ্যাটি কিছুটা কম মনে হলেও একে উন্নতির লক্ষণ বলা যাচ্ছে না। তার মতে, তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা এবং প্রতিকূল এলাকায় মৃত্যুর ঘটনা যাচাই করার জটিলতার কারণেই সংখ্যাটি কম দেখাচ্ছে।

সংস্থাটি ধারণা করছে, আরও প্রায় দেড় হাজার অভিবাসী নিখোঁজ বা মৃত্যুবরণ করেছেন, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আইওএম এর প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল মেডিটেরিয়ান বা ভূমধ্যসাগর এখনো বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুট হিসেবে পরিচিত। তবে উদ্বেগজনকভাবে টানা ৩ বছর ধরে বঙ্গোপসাগরে মৃত্যুর হার বাড়ছে। এছাড়া আফগানিস্তান থেকে পালিয়ে আসা মানুষের ব্যবহৃত স্থলপথগুলোকেও বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/