শিরোনাম

সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান

সিটিজেন ডেস্ক
সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠাতে পারে ইরান। পাকিস্তান আশা করছে আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তাবটি তাদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধে বন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান।

এর আগে যুদ্ধ বন্ধে ইরান তিন দফাভিত্তিক একটি প্রস্তাব দিয়েছিল। তবে সেটি নিয়ে খুশি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, ট্রাম্প এ প্রস্তাবটি গ্রহণ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।

অপর একটি সূত্র জানিয়েছেন, রাশিয়া সফর শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) তেহরানে পৌঁছবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এরপর তিনি সরকারের অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শ করবেন। তবে সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ খুবই সীমিত হওয়ায় প্রক্রিয়াটি ধীরগতির হবে।

ইরানের প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান ও লেবাননে আর আগ্রাসী হামলা হবে না- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই নিশ্চয়তা দিতে হবে।

দ্বিতীয় পর্যায়: যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে।

তৃতীয় পর্যায়: যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে।

সূত্রটি বলেছেন, বর্তমান পরিস্থিতি ‘টালমাটাল’। ইরান সংশোধিত প্রস্তাবের ওপর নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কাছে এটি গ্রহণযোগ্য কি না।

সূত্র: সিএনএন, রয়টার্স

/জেএইচ/