শিরোনাম

ইরানকে কোনও ভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরায়েল: নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক
ইরানকে কোনও ভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরায়েল: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: ওয়াশিংটন পোস্ট

ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং যেকোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে দূর করার বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির খবরের মাঝেই দুই নেতার এই ফোনালাপ ও নীতিগত মিলের কথা সামনে এলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, যেকোনো চূড়ান্ত চুক্তির মূল শর্তই হতে হবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে ফেলা এবং সব ধরনের সমৃদ্ধ পারমাণবিক উপাদান দেশটির ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া। ট্রাম্পের সঙ্গে আলোচনার বরাত দিয়ে নেতানিয়াহুে বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র লাভ করতে না পারে সে বিষয়ে দুই দেশের অবস্থান সম্পূর্ণ অভিন্ন। তাদের মধ্যকার এ ফোনালাপে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের পুনর্সমর্থনের বিষয়টি গুরুত্ব পায়।

যদিও সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ও সম্ভাব্য চুক্তি প্রক্রিয়া থেকে ইসরায়েলকে বাইরে রাখায় তেল আবিবের নীতিগত মহলে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে, তবে নেতানিয়াহু ওয়াশিংটনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন ও উদ্বেগ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক ইস্যুতে এখনো সর্বোচ্চ কঠোর অবস্থানে অনড় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সূত্র: সিনহুয়া

/এমএকে/