শিরোনাম

৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছাতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছাতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: এআই

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দীর্ঘ ১২ ঘণ্টার এক ম্যারাথন বৈঠক শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ-পর্যায়ের প্রথম দফার আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে এ বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হিসেবে বর্ণনা করা হয়েছে।

উভয় পক্ষই পূর্বনির্ধারিত সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে এ শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মত হয়েছে এবং এরই অংশ হিসেবে চলতি সপ্তাহ জুড়েই সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে। সামগ্রিক প্রক্রিয়ার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর অধীনে থাকা বিভিন্ন উপদল মূলত পারমাণবিক বিষয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তির মতো জটিল ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ কমিটি আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপে একমত হয়েছে।

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব পক্ষের জন্য একটি বিশেষ যোগাযোগ লাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। চুক্তি বাস্তবায়নের এ ৬০ দিন প্রণালিটি সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। পাশাপাশি, লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংঘাতের তীব্রতা কমিয়ে আনার জন্য একটি সংঘাত নিরসন সেল গঠন এবং লেবানন ভূখণ্ডে সব ধরনের সামরিক অভিযান বন্ধের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ আলোচনার এমন ইতিবাচক ও গঠনমূলক অগ্রগতিতে মধ্যস্থতাকারীরা সম্পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/