শিরোনাম

‘রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে’

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
‘রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে’
দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল শীর্ষক অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকাশক্তি। গত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তর করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে ভাবতে হবে। জনকল্যাণই হতে হবে প্রশাসনের মূল লক্ষ্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন খাতের পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়ের তথ্যেও অসঙ্গতি ছিল। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, নীতি প্রণয়ন রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলেও সেই নীতির আলোকে কর্মসূচি নির্ধারণ, প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন নিশ্চিত করা প্রশাসনের কাজ। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নই প্রশাসনের অন্যতম দায়িত্ব।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

/এসবি/