শিরোনাম

শান্তি চুক্তির ধোঁয়াশার মাঝেই ইউরোপে ৪ মার্কিন সামরিক বিমান

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
শান্তি চুক্তির ধোঁয়াশার মাঝেই ইউরোপে ৪ মার্কিন সামরিক বিমান
মার্কিন বিমানবাহিনীর সি-১৭ পরিবহন বিমান।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষরকে কেন্দ্র করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের জেনেভা সফরের জোর প্রস্তুতি চলছে। এ সফরের প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনে মার্কিন বিমানবাহিনীর চারটি সি-১৭ পরিবহন বিমান ইতোমধ্যেই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছে বলে শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, চলমান আলোচনার মাধ্যমে চুক্তির খসড়া চূড়ান্ত হলে আগামী কয়েক দিনের মধ্যেই এ ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। মূলত বিষয়টিকে সামনে রেখেই সামরিক ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চমৎকার আলোচনার কথা উল্লেখ করে চলতি সপ্তাহের শেষে একটি সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত দেন।

প্রস্তাবিত এই সমঝোতা স্মারক অনুযায়ী, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি পাবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তৃত চুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হবে। খসড়া চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার কথা বলা হয়েছে, যেখানে জাহাজ চলাচলে কোনো ধরনের ফি নেওয়া হবে না এবং আগামী ৩০ দিনের মধ্যে নৌপরিবহন কার্যক্রম যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এছাড়া, ইরানের চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ওপর ভিত্তি করে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হবে, যার মধ্যে তেল রপ্তানিতে অস্থায়ী ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এ প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তিটি এখন কেবল ইরানের সর্বোচ্চ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে এক্সিওস।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/