শিরোনাম

ইলেকট্রিক বাস–ট্রাক আমদানিতে শুল্ক ছাড়

বিশেষ প্রতিনিধি
ইলেকট্রিক বাস–ট্রাক আমদানিতে শুল্ক ছাড়
ছবি: সংগৃহীত

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরণের শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (৩ মে) সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলেকট্রিক বাস আমদানির জন্য ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে। তবে অন্যান্য সব ধরণের আমদানি শুল্ক (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), সম্পূরক শুল্ক (এসডি) আগাম কর (এটি) ও অগ্রিম আয়কর (এআইটি) থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ এসব গাড়ি আমদানিকারককে মাত্র ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। ভারী ট্রাকের ক্ষেত্রেও একই সুবিধা থাকবে। তবে শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য উদ্দেশ্যে আমদানিকৃত বাসের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাসের পাশাপাশি ৫ টন বা তদূর্ধ্ব ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও অনুরূপ শুল্ক-কর অব্যাহতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এই বিশেষ শুল্ক ছাড়ের সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, এই সিদ্ধান্তের কারণে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়বে। যা জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে নতুন বিনিয়োগের পথ প্রশস্ত হবে।

/এসবি/