শিরোনাম

ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান
বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ শোনার পর আকাশে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় চালানো এই হামলাকে চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে তীব্র ও শক্তিশালী বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে এটিই ইরানের সবচেয়ে বড় আকারের হামলা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে পরবর্তী নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকরা আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারেন।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ভূপাতিত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।

এদিকে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।

অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর বৈরুতের দক্ষিণ শহরতলির কয়েকটি এলাকা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে।

সূত্র: বিবিসি।

/এসএ/