শিরোনাম

বগুড়ার বিতর্কিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বগুড়ার বিতর্কিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নামে ‘মীরবাড়ী’র ফলক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকা বগুড়ার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদনের পর বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন নামগুলো ঘোষণা করেন।

নাম পরিবর্তন হওয়া তিন ইউনিয়নের মধ্যে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নতুন নাম দেওয়া হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। অন্যদিকে মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করে রহবল ইউনিয়ন করা হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদনের পর পরিবর্তিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা করা হয়েছে। সভার সিদ্ধান্ত সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয় মানুষের মতামত নিতে গণশুনানির আয়োজন করা হয়। গত ২৩ জুন শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠ ও ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে পৃথক গণশুনানি অনুষ্ঠিত হয়। পরে ২৫ জুন মোকামতলা উপজেলার রহবল উচ্চবিদ্যালয় মাঠেও আরেকটি গণশুনানি হয়।

এর আগে ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় ‘মীরবাড়ি’। আর মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

তবে নতুন তিন ইউনিয়নের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। কারণ, ‘মীরবাড়ি’ নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে এবং ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলের নামের সঙ্গে মিলে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং পরে তা জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়।

এর পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিতর্কিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নিতে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো নির্দেশনায় শিবগঞ্জের মীরবাড়ি এবং মোকামতলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

/এমআর/