শিরোনাম

ভয় ধরানো জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভয় ধরানো জয়ে সিরিজ জিতল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫৮ বলে ৬৬ রান করেছেন তানজিদ হাসান । ফাইল ছবি

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটা বাংলাদেশ জিতেছে। ২ বল হাতে রেখে ৪ উইকেটের পাওয়া জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে। কিন্তু জয়টা এসেছে ভয় ধরিয়ে দিয়ে। অথচ ম্যাচটি শেষ ওভারে গিয়ে এমন জায়গায় দাঁড়িয়েছিল, যেখান থেকে পাওয়া উচিত ছিল সহজ এক জয়।

শেষ ওভারে ৫ রানের লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম ৩ বলেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল। চতুর্থ বলটা লেগেছিল মেহেদীর প্যাডে, দেখে মনে হচ্ছিল এলবিডব্লু হয়ে যাবেন। কিন্তু আম্পায়ার সংকেত দেন ডেড বলের! কারণ, তখন ব্যাটসম্যানের সামনে দিয়ে নড়াচড়া করছিলেন জিম্বাবুয়ের এক ফিল্ডার।

পরের বলটা ফুলটস পেয়ে যান মেহেদী। চার মেরে খেলাটা শেষ করে দেন তিনি। এর আগে ১৪৪ রান তাড়া করতে নেমে সহজ জয়ের দিকেই এগিয়ে গেছে বাংলাদেশ। রান তাড়া করাটা সহজ করে তোলেন ওপেনার তানজিদ হাসান। ৫৮ বলে ১ চার ও ৪ ছয়ে অপরাজিত ৬৬ রান করেন তিনি।

বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে দুজনের ব্যাট থেকে– পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা, ব্রাড ইভান্স ও সিকান্দার রাজা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে জিম্বাবুয়ে। দলটির পক্ষে ৫৩ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মেয়ার্স। ৩৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান ওপেনার ব্রায়ান বেনেটের। বাংলাদেশের পক্ষে ৩৫ বলে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট মেহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফ্ফার সাকলাইনের।

/আরএ/

বিষয়:

বাংলাদেশ