শিরোনাম

আটক স্পেনীয়-ফিলিস্তিনি সদস্যের মুক্তি চাইলো স্পেন

সিটিজেন ডেস্ক
আটক স্পেনীয়-ফিলিস্তিনি সদস্যের মুক্তি চাইলো স্পেন
স্পেনীয়-ফিলিস্তিনি অধিকার কর্মী সাইফ আবু কেশেক-কে রবিবার ইসরায়েলি আদালতে হাজির করা হয়। ছবি: আল জাজিরা

গাজাগামী মানবিক ত্রাণবহর থেকে আটক হওয়া এক স্পেনীয়-ফিলিস্তিনি আন্দোলনকর্মীর ‘অবিলম্বে মুক্তি’ দাবি জানিয়েছে স্পেন। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গ্রিক দ্বীপ ক্রিটের উপকূল থেকে ইসরায়েলি বাহিনীর তাকে আটক করে।

আজ রবিবার (২ মে) এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি তোলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলি আদালত তার রিমান্ড আরও দুই দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত দেওয়ার পরপরই বার্তা সংস্থা এএফপিকে কে পাঠানো এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, ‘স্পেন সরকার তার অবিলম্বে মুক্তি দাবি করছে।’

মন্ত্রণালয় সূত্রে আরও বলা হয়, তেল আবিবে নিযুক্ত স্প্যানিশ কনসাল ওই শুনানিতে উপস্থিত ছিলেন এবং তিনি ‘অবৈধভাবে আটক’ স্পেনীয়-ফিলিস্তিনি কর্মী সাইফ আবু কেশেকের সঙ্গে সাক্ষাৎ করেন।

শুনানির সময় একটি মানবাধিকার সংস্থা জানায়, আদালত কেশেকের পাশাপাশি ব্রাজিলীয় অধিকারকর্মী থিয়াগো আভিলার আটকাদেশও দুই দিনের জন্য বাড়িয়েছে।

উল্লেখ্য, গাজার অবরোধ ভাঙা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবহরের একটি জাহাজ থেকে এই দুই কর্মীকে আটক করা হয়, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/