শিরোনাম

ইরানকে অব্যাহত সমর্থনের আশ্বাস চীনের

সিটিজেন ডেস্ক
ইরানকে অব্যাহত সমর্থনের আশ্বাস চীনের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: ইরনা

ইরানের প্রতি কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের বৈঠক থেকে এমন বার্তা উঠে এসেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে এ আলোচনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিনটি প্রধান লক্ষ্য সামনে রেখে আলোচনা করেন।

প্রথমত, চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করা এবং চীনকে আশ্বস্ত করা যে তেহরান একটি কার্যকর সমাধানের পথে এগোতে আগ্রহী। তিনি জানান, ইরান এমন একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান চায়, যা তার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায়সংগত ও কার্যকর চুক্তির পথ তৈরি করবে।

দ্বিতীয়ত, বেইজিং ও তেহরানের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে মার্কিন রাজনীতিক ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওই সফরে ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ইরান চীনের কাছে এ নিশ্চয়তা চেয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেইজিং এমন কোনো ছাড় দেবে না, যা তেহরানের স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে ভবিষ্যতেও চীন যেন ইরানকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে যায়—এমন আশ্বাসও চেয়েছে তেহরান। চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

তৃতীয়ত, বৈঠকে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশই চীনের সহায়তায় একটি নতুন উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যভিত্তিক শান্তি ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ধারণাকে সমর্থন জানিয়েছে।

সব মিলিয়ে, এই বৈঠক শুধু বর্তমান সংকট মোকাবিলাই নয়, বরং ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির ভারসাম্য ও কূটনৈতিক সমীকরণ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

/এমআর/