শিরোনাম

ঐতিহাসিক জয়ের পর যা বললেন বিজয়

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ঐতিহাসিক জয়ের পর যা বললেন বিজয়
থালাপতি বিজয়। ছবি: ইন্সটাগ্রাম

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন থালাপতি বিজয়। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় তার জীবনের প্রথম নির্বাচনে এ ঐতিহাসিক জয়ের পিছনে ভোটারদেরকে কৃতিত্ব দিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি স্বচ্ছতা, যুবশক্তির ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিজের দল তামিলাগা ভেত্রি কাজগাম-এর এই সাফল্যের পর সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে বিজয় বলেন, ‘দলের শুরু থেকেই আমরা উপহাস ও সমালোচনার মুখে পড়েছি। কিন্তু আমরা তা অতিক্রম করে শুধুমাত্র মানুষের ওপর ভরসা রেখে সাহসের সঙ্গে নির্বাচনী লড়াই চালিয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘এই নির্বাচন পুরো ভারতীয় রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এটিকে ‘অলৌকিক নির্বাচন’ বলেছিলাম, এবং সেটি এখন সত্য প্রমাণিত হয়েছে।’

পোস্টে অভিযোগ তুলে বিজয় জানান, নিরপেক্ষতার আড়ালে অনেক সময় তাদের বিরুদ্ধে কটাক্ষ ও অপপ্রচার চালানো হয়েছে। তবে তামিলনাড়ুর মানুষ সব সময় তাদের পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তার কথায়, ‘আমরা রাজনীতিতে এসেছি মানুষের ঋণ শোধ করতে, আর সেই মানুষই আমাদের নিঃশর্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে।’

তবে নিরঙ্কুশ জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন, সেখানে তামিলাগা ভেত্রি কাজগাম পেয়েছে ১০৮টি আসন। ফলে সরকার গঠনে এখনও ১০টি আসনের ঘাটতি রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ক্ষেত্রে ছোট দলগুলোর সমর্থন নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্ভাব্য মিত্রদের তালিকায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পাট্টালি মাক্কাল কাচ্চি এবং বামপন্থী দলগুলো রয়েছে।

/এমআর/