শিরোনাম

বাণিজ্যিক জাহাজ আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন: আইসিএস

সিটিজেন ডেস্ক
বাণিজ্যিক জাহাজ আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন: আইসিএস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে শীর্ষ নৌপরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অফ শিপিং (আইসিএস)। একইসঙ্গে আটক জাহাজগুলোর নাবিকদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির সামুদ্রিক পরিচালক জন স্টাওপার্ট বলেন, নাবিকদের অবশ্যই স্বাধীনভাবে এবং কোনো ধরনের চাপ বা হয়রানি ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, জাহাজ আটক করার এসব ঘটনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌচলাচলের স্বাধীনতার নীতিকে সরাসরি ক্ষুণ্ন করছে। তার ভাষায়, এটি শুধু আইনের লঙ্ঘনই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্যও উদ্বেগজনক।

স্টাওপার্ট জোর দিয়ে বলেন, ‘এই জাহাজগুলো কেবল বাণিজ্যিক পণ্য পরিবহন করছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যদি জাহাজ বাজেয়াপ্ত করা হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রায় ৮০ শতাংশ বাণিজ্যিক নৌবহরের প্রতিনিধিত্ব করে এই সংস্থাটি। তাই তাদের এই উদ্বেগ আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তা নিয়ে বড় ধরনের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও যোগ করেন, নিরীহ নাবিকদের এমন পরিস্থিতিতে ফেলা ঠিক নয় যেখানে তারা কার্যত বন্দিত্বের আশঙ্কায় কাজ করতে বাধ্য হন। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা এখন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

/এমআর/