শিরোনাম

কুষ্টিয়াকে বিভাগ করার দাবি আমির হামজার

সিটিজেন ডেস্ক
কুষ্টিয়াকে বিভাগ করার দাবি আমির হামজার
সংসদে মুফতি আমির হামজা। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়া অঞ্চলের ৫-৬টি জেলা নিয়ে কুষ্টিয়াকে একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এ দাবি উত্থাপন করেন তিনি।

আমির হামজা বলেন, কুষ্টিয়ায় পড়ে থাকা বিপুল পরিমাণ পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব। বিশেষ করে কুষ্টিয়া সদর-৩ আসনের হরিপুর ইউনিয়নে প্রায় এক হাজার একর, অতি পুরোনো মোহিনী মিলের ৩০০ বিঘার বেশি এবং চিনিকলের প্রায় ৭৫০ বিঘা জমি বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তার মতে, এ জায়গাগুলোতে বিনিয়োগ এলে এবং শিল্পকারখানা গড়ে উঠলে অন্তত ১২ থেকে ১৩ হাজার মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে। এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার, ছিনতাই, বেকারত্ব এবং মানুষের মাঝে যে হতাশা বিরাজ করছে, এমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই সমাজকে এসব অবক্ষয়ের হাত থেকে মুক্ত করা সম্ভব বলে তিনি মনে করেন।

উন্নয়ন ও কর্মসংস্থানের পাশাপাশি কুষ্টিয়ার স্বাস্থ্যসেবা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এ সংসদ সদস্য। তিনি জানান, ৫-৬টি জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৭৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বৃহৎ প্রকল্পের ২৩টি বিভাগ চালুর কথা থাকলেও, সেটি পূর্ণাঙ্গভাবে চালু করা যাচ্ছে না। এর মূল কারণ হিসেবে তিনি ওই স্থানে সেনাবাহিনীর বসবাসকে দায়ী করেছেন। তিনি ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্রুততম সময়ের মধ্যে সেখান থেকে সেনাবাহিনী অপসারণের জোর দাবি জানিয়েছেন। তার মতে, এ জায়গাটি খালি না করা পর্যন্ত কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং মানুষের উপকারের জন্য নতুন বিভাগগুলোও খোলা সম্ভব হচ্ছে না।

জনকল্যাণমূলক এসব বিশাল উদ্যোগের কথা তুলে ধরলেও আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, বিরোধী দলে থাকার কারণে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তিনি প্রয়োজনীয় ও আশানুরূপ সাড়া পাচ্ছেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর এ অসহযোগিতার কারণেই কুষ্টিয়া এলাকার উন্নয়নমূলক কাজগুলোর স্বাভাবিক গতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

/এমএকে/