শিরোনাম

নেত্রকোনায় এমপির গাড়িতে হামলার ঘটনায় বহিষ্কার ৩

সিটিজেন ডেস্ক
নেত্রকোনায় এমপির গাড়িতে হামলার ঘটনায় বহিষ্কার ৩
নেত্রকোনায় বহিষ্কৃত বিএনপি-ছাত্রদলের তিন নেতা। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাস, নাশকতা এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকেও পৃথক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকেও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা-৫ আসনে সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও তার ব্যবহৃত গাড়িতে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

/এমআর/