শিরোনাম

সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার আরও ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার আরও ৪ দিনের রিমান্ডে
পুলিশের নিরাপত্তায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দারকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সিটিজেন জার্নাল

হত্যা মামলা পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আরও ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাঞ্জিল হায়দার পাঁচ দিনের রিমান্ডে ছিলেন। এরও আগে একটি হত্যা মামলায় তাকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের শুনানিতে আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে, তবে তা এখনো সম্পূর্ণ নয়। মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য উদ্‌ঘাটনের জন্য পুনরায় রিমান্ড প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে বলেন, ধারাবাহিকভাবে রিমান্ডে নেওয়া হচ্ছে। হত্যা মামলায় ১২ দিন এবং পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা নেই। তিনি সেনাবাহিনীতে ২১ বছর চাকরি করেছেন এবং বর্তমানে অসুস্থ, তার হৃদ্‌রোগজনিত সমস্যা রয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, ন্যায়বিচারের স্বার্থে রিমান্ড বাতিল করা উচিত। মামলার নথি অনুযায়ী, রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর দুপুরে রমনা মডেল থানাধীন সবজিবাগান এলাকায় মাঞ্জিল হায়দার চৌধুরীসহ অজ্ঞাতনামা আসামিরা মিছিল করেন। এতে সরকারবিরোধী স্লোগান দেওয়া এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়।

এর আগে ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

/এসএ/