শিরোনাম

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নাকচ হিজবুল্লাহর

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নাকচ হিজবুল্লাহর
ছবি: রয়টার্স

লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গের ইসরায়েলি অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। রবিবার (২৬ এপ্রিল) গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানায়। নেতানিয়াহু হিজবুল্লাহকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতার কথা বলেছিলেন।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে দাবি করে, তথাকথিত যুদ্ধবিরতি আসলে ওয়াশিংটন ও নেতানিয়াহুর মধ্যে হওয়া একটি দ্বিপাক্ষিক সমঝোতা, যেখানে লেবাননের রাষ্ট্র বা জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। এমন চুক্তির সঙ্গে লেবাননকে সম্পৃক্ত করার প্রচেষ্টাকে তারা ‘চরম বিপজ্জনক’ বলে উল্লেখ করেছে।

গোষ্ঠীটি আরও জানায়, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই তা বারবার লঙ্ঘিত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এই লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা নিজেদের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং উত্তরাঞ্চলের অধিকৃত ফিলিস্তিনি এলাকায় বসতিগুলোতেও হামলা অব্যাহত রেখেছে।

এতে ইঙ্গিত দেওয়া হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার জবাবে তাদের পাল্টা সামরিক তৎপরতা চলবে।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের কর্তৃপক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চেয়েছিল যাতে একটি কার্যকর শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং ইসরায়েল তাদের হামলা—বিশেষ করে দক্ষিণাঞ্চলে বোমা বর্ষণ ও ঘরবাড়ি ধ্বংস—বন্ধ করে। তবে বাস্তবে তার উল্টো ঘটেছে বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ।

তাদের দাবি, ইসরায়েল বরং আগ্রাসন আরও বাড়িয়েছে, যা দেশটির ‘অপরাধমূলক আচরণ’, ‘বিশ্বাসঘাতকতা’ এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি অবজ্ঞার প্রমাণ বহন করে।

সূত্র: আল জাজিরা

/এমআর/