শিরোনাম

ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৭২,৬০৮

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৭২,৬০৮
ছবি: আনাদোলু এজেন্সি

গাজা উপত্যকায় ঘোষিত যুদ্ধবিরতি কেবল কাগুজে চুক্তিতে সীমাবদ্ধ, বাস্তবে থামেনি ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন ও রক্তপাত। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এ হামলায় এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৭২ হাজার ৬০৮ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭ জনের মৃতদেহ এবং ২৬ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। নিহত ৭ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে। গত ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৩৪২ জন আহত হয়েছেন। এমনকি যুদ্ধবিরতি পরবর্তী সময়ের মধ্যে কেবল ধ্বংসস্তূপের নিচ থেকেই উদ্ধার করা হয়েছে ৭৬৭ জনের মৃতদেহ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে চলা এ আগ্রাসনে গাজায় এ পর্যন্ত মোট ১ লাখ ৭২ হাজার ৪৪৫ জন মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকার মাইলের পর মাইল জুড়ে থাকা ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/