শিরোনাম

রাতে শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

নিজস্ব প্রতিবেদক
রাতে শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের রবিবার (৩ মে) রাত ৯টায় শপথগ্রহণ করবেন।

রবিবার (৩ মে) ৯টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এর আগে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। একটি আসন নিয়ে জটিলতা থাকায় তা ঝুলে ছিল।

শনিবার (২ মে) সেই আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। এর ফলে সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হলো।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সেই অনুযায়ী বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন প্রার্থী মনোনয়ন দেয়। তারা সবাই ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন।

জামায়াত জোটের ১৩ জনের মধ্যে এনসিপির প্রার্থী ছিলেন দুইজন। তারা হলেন– দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ২৩ এপ্রিল বাছাইয়ে অন্য সবার মনোনয়নপত্র গৃহীত হলেও মনিরা শারমিনেরটি বাতিল করা হয়। পরে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে ইসি।

এদিকে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টার পর এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতি মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

/এসবি/