শিরোনাম

প্রাথমিকের ২ লাখ ৪৬ হাজার শিক্ষক পাবে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকের ২ লাখ ৪৬ হাজার শিক্ষক পাবে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ: প্রধানমন্ত্রী
সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৪৬ হাজার শিক্ষকে ইংরেজি বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি।

অধিবেশনে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন রাখেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কি না? হলে, কবে নাগাদ তা করা হবে?

প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক আছেন। তাদের মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এসময় বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার সম্পদ কাজে লাগাতে সরকার ‘সমুদ্র অঞ্চল পরিকল্পনা’ কার্যক্রম হাতে নিয়েছে।

/এফআর/