শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ধ্বংপ্রাপ্ত এক স্থাপনা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ফলে ইরানের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে তেহরান। সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইরান রেভ্যুলুশনারি গার্ড কোর বা আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

রাশিয়ার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, এখন পর্যন্ত প্রাথমিক ও আনুমানিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার, যা প্রায় ১৮৯ বিলিয়ন পাউন্ডের সমান।

তিনি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নির্ধারণে কাজ এখনো চলমান। এর মধ্যে রয়েছে অবকাঠামো ধ্বংস, ভবন ক্ষতিগ্রস্ত হওয়া এবং শিল্পকারখানা বন্ধ থাকার কারণে রাজস্ব হারানোর হিসাব।

মোহাজেরানি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এই ক্ষয়ক্ষতির বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং সম্ভাব্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, পাকিস্তানে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

/এমআর/