শিরোনাম

ভরিতে স্বর্ণের দাম বাড়লো ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
ভরিতে স্বর্ণের দাম বাড়লো ৩ হাজার টাকা
ছবি: সংগৃহীত

সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৫৮ হাজার টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।

নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার দাম ভরি প্রতি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা ও সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice.org এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ১০৬ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৭৮ ডলার। এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

গত মাসের শেষদিকে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। তখন ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং একধাপে এত বড় বৃদ্ধি আগে কখনো হয়নি।

/এসএ/