শিরোনাম

শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সময়ে দেশজুড়ে নিয়মিত টিকা না দেওয়ার ফলেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। তবুও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতায় ও তার নির্দেশনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

মায়ের দুধের গুরুত্ব বর্ণনা করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শুধু ঔষধ দিয়ে শিশুদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করা যাবে না। সবচাইতে বেশি কার্যকরী ঔষধ হলো মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিছু মা নানা ব্যবস্থার কথা বলে শিশুকে বুকের দুধ খাওয়ান না, এতে হামের মতো রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের নিজেদেরও সচেতন হতে হবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আগামী বাজেটে ৫০ শয্যাবিশিষ্ট রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নতি করার ঘোষণা দেন।

টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত

স্বাস্থ্যমন্ত্রী পরে রাজধানীর শাহজাদপুরের একটি অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার।

প্রসঙ্গত, আজ (সোমবার) থেকে তৃতীয় দফায় দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হলো। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা নিতে পারবেন ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা।

/এফআর/