শিরোনাম

২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত শনিবারের পর সোমবারও স্বর্ণের দাম বাড়ানো হয়। ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায় দাড়ায়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৪ দফা দাম বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ভরিতে ১৭৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭ হাজার ১৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বেচাকেনা হচ্ছে।

/জেএইচ/