শিরোনাম

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা

জাবি সংবাদদাতা
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের ভেতরে রাতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা অজ্ঞাতনামা একজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে। এদিকে ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ ও প্রশাসনিক ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো।

সংবাদ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী মঙ্গলবার (১২ মে) রাতে সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তার পিছু নেয়। পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশমাইল এলাকার বাসিন্দা বলে দাবি করে। কথা বলার একপর্যায়ে হঠাৎ করে ছাত্রীর গলায় জালের মতো কোনো বস্তু পেঁচিয়ে তাকে রাস্তার পাশের অন্ধকারে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ওই ব্যক্তি। ভুক্তভোগী কোনোমতে নিজেকে ছাড়িয়ে রাস্তায় চলে আসলে পথচারীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা গেলেও তার পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের প্রেক্ষিতে হত্যাচেষ্টা ও ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়েছে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। অন্যদিকে, এ ঘটনার প্রতিবাদে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ফ্রেমওয়ার্কের দাবিতে বৃহস্পতিবার (১৪ মে) সকালে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে জাকসু। এছাড়া বুধবার বিকেল ও রাতে প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

/এমএকে/