শিরোনাম

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

পরমাণু চুক্তি ইস্যুতে ইরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইরানকে দুটি বিকল্প দিয়েছেন তিনি। হয় তেহরানকে চুক্তি করতে হবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার ট্রাম্প এ হুমকি দেন। তিনি বলেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান তাদের কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে। তারা কী প্রস্তুতি নিচ্ছে, আমরা তা পুরোপুরি জানি।

তিনি আরও বলেন, ‘তারা ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে। হামলা হলে একদিনের মধ্যেই সেগুলোর অস্তিত্ব শেষ হয়ে যাবে।’

বর্তমান ইরানি প্রশাসনের প্রতি প্রশংসার সুর দেখা গেছে ট্রাম্পের কথায়। সাক্ষাৎকারে ইরানি কূটনৈতিক আচরণের ধরনে পরিবর্তন এসেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, আমার মনে হয় অনেক দিক থেকেই তারা এখন অনেক বেশি যৌক্তিক।

এ সময় সাবেক কর্মকর্তাদের চেয়ে নতুন কর্মকর্তাদের ‘বেশি বুদ্ধিমান’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, নতুনরা প্রথম বা দ্বিতীয় স্তরের কর্মকর্তাদের চেয়ে বেশি বুদ্ধিমান, যারা এখন আর দায়িত্বে নেই।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে এটি খুব প্রয়োজন। তবে জনসংযোগের দিক থেকে এর গুরুত্ব আছে।

স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীতা নিয়ে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘যদি যুদ্ধবিরতি না হয়, তবে আপনাদের ইরান থেকে শুধু বিশাল আলো বেরোনোর ​​দিকেই তাকিয়ে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘তাদের দ্রুত চুক্তিতে স্বাক্ষর করা উচিত। যদি তারা স্বাক্ষর না করে, তবে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে।’

সূত্র: আল জাজিরা

/জেএইচ/