শিরোনাম

মুক্তিপণের দাবিতে ৮ জেলে অপহরণ

সাতক্ষীরা সংবাদদাতা
মুক্তিপণের দাবিতে ৮ জেলে অপহরণ
সুন্দরবন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বৃহস্পতিবার (১৪ মে) তাদেরকে অপহরণ করা হয়।

অপহৃত বনজীবীরা হলেন– সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মীরগাঙ এলাকার বারি তরফদারের ছেলে নজরুল তরফদার, আমির আলী গাজীর ছেলে আব্দুর রহমান, ছোট ভেটখালী এলাকার ছবেদ আলী মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়ল, আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া এলাকার আব্দুর রহিম গাজীর ছেলে আব্দুল আলিম গাজী, একই এলাকার ইব্রাহিম গাজীর ছেলে হাবিবুর রহমান, শামসুর রহমান গাজীর ছেলে আনোয়ারুল ইসলাম, খুলনার কয়রা এলাকার আব্দুস সাত্তার ও শাহিনুর রহমান।

বনজীবীদের কয়েকজন সহযোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর সুবদেব খাল, গুবদেব খাল ও ধান্যখালীর চর এলাকা থেকে ৮ জনকে অপহরণ করা হয়েছে। প্রত্যেক বনজীবীদের মুক্ত করতে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়েছে। বনদস্যুরা একটি মোবাইল নম্বর ব্যবহার করে যোগাযোগ করেছে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়ার কথা জানিয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান সাংবাদিকদের বলেন, সুন্দরবনের বনজীবী অপহরণের বিষয় এখনো কোনো ভুক্তভোগীর পরিবার বা স্বজনরা তাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/