শিরোনাম

ডুয়েটের নতুন উপাচার্য নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ডুয়েটের নতুন উপাচার্য নিয়োগ, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যাপনা করছেন।

এদিকে, ডুয়েটের বাইরের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। পরে টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ডুয়েট শিক্ষার্থীরা।

এর আগে, বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম কাসেমের সই করা বিজ্ঞপ্তিতে ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েট নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলের অনুমোদনক্রমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আইন ২০০৩-এর ১০ (১) ধারা অনুসারে শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল ও প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে।

এতে আরও বলা হয়, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই ডুয়েটে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শিমুলতলী-শিববাড়ী আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, অ্যাকাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘ডুয়েটের নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এসময় তারা রাস্তা অবরোধ করে। পরে (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে যায় তারা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এফআর/