শিরোনাম

ইউক্রেনীয় ড্রোন ইস্যুতে পদত্যাগের ঘাষণা লাটভিয়ার প্রধানমন্ত্রীর

সিটিজেন ডেস্ক
ইউক্রেনীয় ড্রোন ইস্যুতে পদত্যাগের ঘাষণা লাটভিয়ার প্রধানমন্ত্রীর
লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় ড্রোন নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাটভিয়ার মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার (১৪ মে) একটি টেলিভিশন বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।’

আগামী অক্টোবরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র কয়েক মাস আগে জোট সরকারের পতন ঘটছে।

তবে নতুন নেতা শপথ না নেওয়া পর্যন্ত সিলিনার সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকবে। লাটভিয়ার রাষ্ট্রপতি এডগার্স রিঙ্কেভিকস, যিনি সংবিধান অনুযায়ী সরকারপ্রধান নির্বাচনের দায়িত্বে আছেন, তিনি শুক্রবার সব সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ড্রোন নিয়ে বিতর্কে জোট সরকারের বামঘেঁষা শরিক দল প্রোগ্রেসিভস পার্টি সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন সিলিনা।

এর আগে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা। সে সময় তিনি বলেন, স্প্রাডস তার এবং জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন।

গত ৭ মে ইউক্রেনের দুটি ড্রোন পথভ্রষ্ট হয়ে লাটভিয়ার আকাশে প্রবেশ করে। যার একটি তেল সংরক্ষণাগারে বিস্ফোরিত হয়। এ ঘটনার বিষয়ে স্প্রাডস বলেন, সম্ভবত রাশিয়াকে লক্ষ্য করে ছোড়া ইউক্রেনীয় ড্রোন ভুলবশত লাটভিয়ায় চলে আসে।

তবে যথেষ্ট দ্রুততার সহিত ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা গড়ে না তোলার জন্য স্প্রুডসকে দায়ী করেন প্রধানমন্ত্রী সিলিনা।

এর জবাবে, স্প্রুডসের প্রোগ্রেসিভস পার্টি বুধবার সিলিনার সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে তিনি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারান এবং একটি সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের ঝুঁকিতে পড়েন।

গত মার্চ মাস থেকে রাশিয়া অভিমুখে পাঠানো ইউক্রেনের একাধিক ড্রোন বাল্টিক অঞ্চলের দেশ লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার ভূখণ্ডে আঘাত হেনেছে। সমালোচকরা বলেছেন, এসব ঘটনা সামরিক হুমকি মোকাবিলায় লাটভিয়ার সক্ষমতার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে।

সূত্র: রয়টার্স