শিরোনাম

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

সিটিজেন ডেস্ক
নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৯ মার্চ) ভোরের দিকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবি-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আইআরইবির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এটি মোজতবা খামেনির নির্দেশে পরিচালিত প্রথম সামরিক হামলা। আইআরইবি হামলার খবরে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর প্রথম দিনই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর নয় দিন পর দেশটির প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।

ইরানের রাজনৈতিক কাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচিত। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি ও পার্লামেন্টসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে সর্বোচ্চ নেতার চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে।

/এসএ/