শিরোনাম

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
লেবাননে ইসরায়েলি হামলার স্থলে আগুন ও ধোঁয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৬ মে) দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আল-সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন এবং টায়ার শহরে পৃথক এক হামলায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শহরের উপকণ্ঠে অবস্থিত আল-দাউদিয়া খামারকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী দুটি শক্তিশালী বিমান হামলা চালায়, যার ফলে হতাহতের এই ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধার তৎপরতা শুরু হয়।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের টায়ার শহরেও পৃথক এক হামলায় দুইজন নিহত হয়েছেন। আল-সিরাজ হাই স্কুলের নিকটবর্তী এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে চালানো এই হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেন।

এছাড়া, খিরবেত সেলম এলাকায়ও একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এনএনএ। পৌরসভা ভবনের পাশের ওই বাড়িতে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সূত্র: আল জাজিরা

/এমআর/