শিরোনাম

রাজউকের শতকোটি টাকার নতুন ভবনে লিফট অকেজো

বিশেষ প্রতিনিধি
রাজউকের শতকোটি টাকার নতুন ভবনে লিফট অকেজো
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর টেকসই সক্ষমতা প্রকল্পের (ইউআরপি) বহুতল ভবন। ছবি: সংগৃহীত

উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় মহাখালীতে অবস্থিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নগর টেকসই সক্ষমতা প্রকল্পের (ইউআরপি) বহুতল ভবনের লিফট অকেজো হয়ে পড়েছে।

রাজউক কর্মকর্তারা বলছেন, ভবনের লিফটের গোড়ায় পানি ঢুকে যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। এ কারণে লিফটগুলো বন্ধ হয়ে গেছে। তবে খুব শিগগিরই লিফট দুটি মেরামত করা হবে বলে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে রাজউককে জানানো হয়েছে।

রাজউক অঞ্চল-৫ এর পরিচালক হামিদুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, ঈদুল ফিতরের আগে তারা এই নতুন ভবনে কাজ শুরু করেছেন। গত মঙ্গলবার হঠাৎ লিফটের গোড়ায় পানি জমে যাওয়ায় ভবনের দুটি লিফটই অকেজো হয়ে পড়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে গণপূর্ত অধিদপ্তরের ই/এম (ইলেকট্রো-মেকানিক্যাল) বিভাগকে জানানো হয়েছে। গণপূর্ত ইতিমধ্যে ভবনটি কয়েক দফা পরিদর্শন করেছে এবং আগামী দুই-একদিনের মধ্যেই লিফট সচল হবে বলে তারা জানিয়েছেন।

আজ বুধবার (৬ মে) সকালে সরেজমিনে ইউআরপি ভবনে গিয়ে দেখা যায়, ১০ তলা এই ভবনের দুটি লিফটই বন্ধ হয়ে রয়েছে। সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বহুতল এই ভবনে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গিয়ে অনেকেই হাঁপিয়ে উঠছেন। বয়স্ক ও অসুস্থ অনেককে সিঁড়ির মাঝপথে বিশ্রাম নিতেও দেখা গেছে। এই প্রতিবেদকও কয়েক স্থানে বিশ্রাম নিয়ে ভবনের অষ্টম তলায় ওঠেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে এই ইউআরপি ভবনটি নির্মাণ করা হয়েছে। এটি রাজউকের একটি বিশেষ প্রকল্প, যার মূল লক্ষ্য ঢাকা ও এর আশেপাশের এলাকায় ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই নগর ব্যবস্থাপনা ও নিরাপদ নির্মাণ নিশ্চিত করা। তবে উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।

/এমআর/