শিরোনাম

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শপিং কমপ্লেক্স।। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু গণমাধ্যমকে বলেন, আগেও আমরা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রেখেছি। এতে দোকান ব্যবসায়ীদের কোনো সমস্যা হওয়ার কথা না।

এ বিষয়ে সরকার থেকে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে তিনি বলেন, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ।

/এসবি/ এসআর/