শিরোনাম

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে নতুন সম্ভাবনা

সিটিজেন ডেস্ক
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে নতুন সম্ভাবনা
ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের জোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সূত্র, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক প্রত্যাশা সৃষ্টি করেছে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ রাতেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আজ সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় পক্ষই এই যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

আলোচনায় ইসহাক দার চলমান সংলাপ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে আব্বাস আরাঘচি পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন বলে জানানো হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সেনাবাহিনীর গণমাধ্যম শাখা থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইসলামাবাদের পক্ষ থেকেও এ সংক্রান্ত কোনো স্বতন্ত্র তথ্য নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে অন্তত নয়টি মার্কিন বিমান ইসলামাবাদে অবতরণ করে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি সহায়তাকারী দল আনা হয়েছে বলে জানা গেছে, যা আলোচনাকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/