শিরোনাম

সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষায় অভিনব কৌশল ইরানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষায় অভিনব কৌশল ইরানের
ইরানের ইউরেনিয়াম স্থাপনা। ছবি: সিএনএন

সাম্প্রতিক ইরান ইউরেনিয়ামের ভাণ্ডার সুরক্ষিত করার প্রচেষ্টা নাটকীয়ভাবে বাড়িয়েছে। যার অংশ হিসেবে তারা ইচ্ছাকৃতভাবে সুড়ঙ্গ ধসিয়ে দিচ্ছে এবং প্রবেশপথগুলোতে বিস্ফোরক মাইন পেতে রাখছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে পরিচিত পাঁচটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সূত্রগুলো জানিয়েছে, প্রায় আধা টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, বিপজ্জনক এবং সময়সাপেক্ষ হয়ে উঠেছে। এক মাস আগেও এমন ছিল না। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন, তিনি হয়তো মার্কিন সামরিক বাহিনীকে ইউরেনিয়াম জব্দের নির্দেশ দিতে পারেন।

ইরানের নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য চুক্তিকে আরও জটিল করে তুলেছে। কারণ আলোচনার অন্যতম বিষয় হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে সেগুলো ধ্বংস করা। তবে এখন প্রশ্ন উঠেছে, এটি খনন করে বের করার বিপজ্জনক কাজটি কে করবে।

মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেছেন, যুদ্ধ শেষ করতে এবং ইরানের কার্যকরভাবে বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালি খুলে দেওয়ার পাশাপাশি ইউরেনিয়াম ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার।

শুক্রবার এক মার্কিন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তার জানান, উভয় পক্ষ এমন একটি চুক্তির কাছাকাছি আসছে, যার আওতায় ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ঘটনাস্থলেই উপাদানগুলো ধ্বংস করে দেওয়া হবে, তারপর সেগুলো দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।

কিন্তু মার্কিন ও ইরানি কর্মকর্তারা এই খসড়া চুক্তিটি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। এছাড়া শর্তাবলী এখনও অস্পষ্ট। শুক্রবার একটি আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা চুক্তির খসড়া ফাঁস করে। এ ঘটনায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন, ইরানিদের বিশ্বাস করা যায় না। তবে এরপরও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী।

এদিকে একাধিক সূত্র জানিয়েছে, খোদ ইরানিদের জন্যও এখন এই সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা কঠিন ও বিপজ্জনক হবে। এর জন্য ভারী খনন সরঞ্জাম এবং মাইন নিষ্ক্রিয়করণের প্রয়োজন হবে, যা দুঃসাধ্য ও ঝুঁকিপূর্ণ।

মে মাসের মাঝামাঝি সময়ে মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক উপাদান জব্দ করার জন্য একটি অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছিল। তবে ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় শেষ পর্যন্ত পরিকল্পনা স্থগিত করা হয়। এরপর থেকে ইরান ইউরেনিয়াম স্থাপনাগুলো আরও সুরক্ষিত করেছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/