শিরোনাম

কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আদ-দ্বীন, কিন্তু লাভ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আদ-দ্বীন, কিন্তু লাভ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলে।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে রোগীকে তাহলেই হাসপাতালে নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না।

তিনি আরো বলেন, চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

এছাড়া, মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

/এসআর/