শিরোনাম

জাবিতে বড় পর্দায় বিশ্বকাপ

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবিতে বড় পর্দায় বিশ্বকাপ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বিশ্বকাপ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একসঙ্গে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণেই খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ বিবেচনায় ভবিষ্যতে আরও দুটি স্থানে বড় পর্দা স্থাপনের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বটতলা ও জাকসু প্রাঙ্গণেও খেলা প্রদর্শনের ব্যবস্থা করা হতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্যাম্পাসে মোট তিনটি স্থানে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে।

জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ বলেন, রবিবার (১৪ জুন) রাত ১টায় কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ প্রদর্শনের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হবে। একই দিন রাত ৪টায় ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচও বড় পর্দায় দেখানো হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করেছি। আপাতত মুক্তমঞ্চে আয়োজন শুরু হচ্ছে। পরবর্তীতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আরও দুটি স্থানে বড় পর্দা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

মাহমুদুল হাসান কিরণ বলেন, বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ গভীর রাতে অনুষ্ঠিত হবে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে অবস্থানকালে কোনো অপরিচিত ব্যক্তি কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে, দ্রুত নিরাপত্তা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এদিকে, খেলা চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম।

তিনি বলেন, ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা টহল জোরদার করা হবে। খেলা দেখার নির্ধারিত স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এফআর/