শিরোনাম

বলপ্রয়োগে হরমুজ প্রণালি খুলতে সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
বলপ্রয়োগে হরমুজ প্রণালি খুলতে সেনা পাঠাচ্ছেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে ইউএসএস ত্রিপোলি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ৫,০০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি অনুরোধ অনুমোদন দিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকি করে এই কমান্ড।

এতে মেরিন অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের একটি অংশ, ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং ইউএসএস ত্রিপোলি নামের একটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

শুক্রবার (১৩ মার্চ) রাতে তাইওয়ান ও ফিলিপাইনের মাঝখানে অবস্থিত বাশি চ্যানেলে ইউএসএস ত্রিপোলিকে দেখা যায়। সেখান থেকে জাহাজটি মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছিল।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পরপরই ইরান ঘোষণা দেয় যে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। এরপর থেকে ওই এলাকায় একাধিক জাহাজ, বিশেষ করে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার খবর পাওয়া গেছে।

গতকাল মার্কিন কর্মকর্তারা জানান, ইরান উপসাগরের ওই গুরুত্বপূর্ণ নৌপথে মাইন পেতে রাখা শুরু করেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়।

জাপানে মোতায়েন থাকা ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/