শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েল মুসলিম বিশ্বের ‘চিরশত্রু’: মোজতবা খামেনি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েল মুসলিম বিশ্বের ‘চিরশত্রু’: মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মুসলিম বিশ্বের ‘চিরশত্রু’ আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রবিবার (৩০ আগস্ট) প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে বিশ্বজুড়ে ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ইরান এবং অন্য যেকোনো ইসলামী দেশের মুসলিম জনগণের মধ্যে বিভেদ সৃষ্টিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য। এর মাধ্যম হিসেবে বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে ব্যবহার করার চেষ্টা করছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই দৃষ্টিকোণ থেকে তারা ইসলামী উম্মাহর বিভাজন ও শক্তির দুর্বলতা পর্যবেক্ষণ করছে এবং তাদের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়ার সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে।

তিনি প্রশ্ন করেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে ফিলিস্তিন কি দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হত? ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চল ও তার চারপাশের দেশগুলো যদি ইসলামের পতাকাতলে এক জোট হতো, তবে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো শক্তি তাদের সম্পদ ও ভূখণ্ড দখলের দুঃসাহস দেখাতে পারত না।

বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে খামেনি বলেন, তারা যেন নিজেদের আসল শত্রুকে চেনে, শত্রুভাবাপন্ন পরিকল্পনাগুলোর গভীরতা বোঝে এবং তা সম্মিলিতভাবে মোকাবেলা করে। মোজতবা খামেনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকার অপরাধী শাসকেরা এবং জায়নবাদী শাসনব্যবস্থা ঐক্য ও বন্ধুত্বের ঘোর শত্রু।

বিবৃতিতে বলা হয়, সাম্রাজ্যবাদী শক্তির এ আগ্রাসি মনোভাব কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। খামেনির মতে, তারা শুধু ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির শত্রু নয়। তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোসহ সমগ্র মুসলিম দেশগুলোর প্রতিও বিদ্বেষ পোষণ করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মুসলিম বিশ্বকে এখন নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে জানান তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/